
আইনেট প্রতিনিধিঃ অভিভাবকদের অসাবধানতায় জলে ডুবে মৃত্যু হল আড়াই বছরের এক শিশুকন্যার ।মর্মান্তিক ঘটনা রাজধানীর ভাটি অভয়নগর এলাকায়।জানা গেছে শিশু কন্যার নাম সপ্তদীপা শাহু।অভয়নগর ক্যান্টনমেন্ট রোড এলাকায় তাদের বাড়ি ।গত ২৪ ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ফলে কাঁটাখালের জলস্তর বৃদ্ধি পায় । সোমবার সকালে এই জলেই হাত পা ধুচ্ছিল ছোট্ট শিশু কন্যা স্বপ্নদীপা সাহু। সবার অলক্ষে হঠাৎই জলে পড়ে তলিয়ে যায় সে। শুরু হয় খোঁজাখুঁজি । এরই মধ্যে খবর পেয়ে আগরতলা অগ্নি নির্বাপক দপ্তরের প্রধান কার্যালয় থেকে দমকলের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। তারা জলে নেমে উদ্ধার কাজ চালায় ।দমকল কর্মীদেরই একটি দল ঘটনাস্থল থেকে কিছুটা সরে এসে উদ্ধার কাজ চালাতে থাকে ।তারাই দুর্গা চৌমুহনী ব্রিজ এর সামনে থেকে শিশুকন্যাটিকে উদ্ধার করে তড়িঘড়ি জিবি হাসপাতালে নিয়ে যায়। এদিন দমকলের এক আধিকারিক এই সংবাদ জানান।
জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুকন্যাটিকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় ভাটি অভয়নগর এলাকায় শোকের ছায়া নেমে আসে।