img


তেলিয়ামুড়া শহরের গ্যাস এজেন্সি এবং মহারানীপুর পেট্রোল পাম্পের সামনে শয়ে শয়ে মানুষ ভিড়


আইনেট  প্রতিনিধিঃ   মঙ্গলবার কাকভোর থেকেই তেলিয়ামুড়া শহরের গ্যাস এজেন্সি এবং মহারানীপুর পেট্রোল পাম্পের সামনে শয়ে শয়ে মানুষ ভিড় জমায়। অভিযোগ, সড়কপথের করুণ অবস্থার কারণে রাজ্যে পেট্রোল ও ডিজেল সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে তেলিয়ামুড়া মহকুমার অধিকাংশ পেট্রোল পাম্পেই দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট।

কিন্তু সংকটের এই সুযোগে মাথাচাড়া দিয়ে উঠেছে একাংশ কালোবাজারি চক্র। শহরের আনাচে-কানাচে বোতলবন্দি পেট্রোল বিক্রি হচ্ছে লিটারপ্রতি ২০০, ২৫০, এমনকি ৩০০ টাকায়! অথচ সরকারি হিসেবে পেট্রোলের দাম যেখানে প্রায় ১০৩ টাকার আশেপাশে। প্রকাশ্যেই চলছে এই অবৈধ বেচাকেনাতবুও নীরব প্রশাসন।

অভিযোগের তীর সরাসরি মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের দিকে। কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বদলে তাঁরা যেন ঠুটো জগন্নাথ! কালোবাজারি চক্রের জামানত জব্দ তো দূরের কথা, দৃশ্যমান কোনো অভিযানই চোখে পড়ছে না। ফলে পরিস্থিতি দিনদিন নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে।

দীর্ঘ দুদিন পর মহারানীপুর পেট্রোল পাম্পে জ্বালানি পৌঁছাতেই হুড়োহুড়ি পড়ে যায়। কাতারে কাতারে মোটরবাইক, অটো, যাত্রীবাহী গাড়িভোর থেকে লাইনে দাঁড়িয়ে তপ্ত রোদে নাভিশ্বাস উঠছে মানুষের। অন্যদিকে শহরের একমাত্র গ্যাস এজেন্সির সামনে কাঠফাটা রোদে দীর্ঘ লাইন। কিন্তু সেখানেও গ্রাহকদের শুনতে হচ্ছে—“ইন্টারনেট নেই”, “এখন হবে না, পরে আসুনঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনিশ্চয়তা ছাড়া কিছু মিলছে না।