
আইনেট প্রতিনিধিঃ বাথরুমে পিস্তল দেখে ভয়ে আৎকে উঠেন মহিলারা। শুরু হয় চিৎকার চেচামেচি। মহিলাদের হৈচৈ শুনে বেড়িয়ে আসেন পুরুষরাও। তারাও বাথরুমে পিস্তল দেখে ভয় পেয়ে যান। সোমবার সন্ধ্যা রাতে এই পিস্তল কাণ্ড কে ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়ায় রাজধানীর ভগৎ সিং যুব আবাসে । এই ভগৎ সিং যুব আবাসেই এডিসি নির্বাচনের ভোট গণনার পর রাজ্যের বিভিন্ন প্রান্তের জনজাতি নেতৃবৃন্দরা এসে আশ্রয় গ্রহণ করেন ।অনেকে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন । বাথরুমে পিস্তল দেখতে পেয়ে আতঙ্কিত আবাসিকরা সাথে সাথে বিষয়টি এনসিসি থানায় জানান ।খবর পেয়ে এনসিসি থানার পুলিশ ভগৎ সিং যুব আবাসে ছুটে যান। সংশ্লিষ্ট বাথরুম থেকে পুলিশ পিস্তল উদ্ধার করে ।পিস্তলটি নাইন এমএম বোর-এর পিস্তল ।এর মধ্যেই খবর ছড়িয়ে পড়ে ,পিস্তলটি সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনের ১৭ নম্বর পেকুয়ারজলি জন্মেজয়নগর নির্বাচনী কেন্দ্রের বিজেপি প্রার্থী মজি দেববর্মার দেহরক্ষীর ।এই দেহ রক্ষির নাম টুটন সাহা। তিনি বাথরুমে গিয়ে পিস্তলটি কোমর থেকে খুলে একটি স্থানে রেখে টয়লেট করেন ।পরে ভুলবশত পিস্তলটি বাথরুমে রেখেই চলে আসেন ।আর মহিলারা বাথরুমে গিয়ে এই পিস্তল দেখেই ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। এদিন ভগৎ সিং যুব আবাসে বসবাসকারী এক ব্যক্তি এই কথা জানান ।তিনি জানান ,বাথরুমে পিস্তল দেখে মহিলারা ভয় পেয়ে গিয়েছিলেন ।এনসিসি থানার পুলিশ এসে পিস্তলটি উদ্ধার করে থানায় নিয়ে যান ।পুলিশ আধিকারিকরা বিষয়টি পরিষ্কার করতেই আবাসিকদের ভয় বা আতঙ্ক কাটে।