
আইনেট প্রতিনিধিঃ ৬৬ তম পর্বে অনলাইনে শুরু হল জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী সমীপেষু অনুষ্ঠান। বিষয়টি নিয়ে অনেক আগেই ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো আজ থেকে অনলাইনে জেলা ভিত্তিক এই অনুষ্ঠান শুরু হয় ।প্রথম দিন ধলাই জেলার ৩৫ জনের সাথে অনলাইনে কথা বলেন মুখ্যমন্ত্রী ।এদের মধ্যে ৩০ জনই ছিলেন জনজাতি অংশের ।তারা বিভিন্ন সমস্যা মুখ্যমন্ত্রীর কাছে সমাধানের উদ্দেশ্যে তুলে ধরেন ।সমস্যাগুলির মধ্যে চিকিৎসা সংক্রান্ত বিষয় ছাড়াও ছিল পড়াশোনার বিষয় । এদিন সাংবাদিকদের এই কথা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা । সংশ্লিষ্টদের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান ,অনুষ্ঠানে ধলাই জেলার জেলাশাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন। আগরতলায় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ বিভিন্ন দপ্তর ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ।এদিন তিনি জানান মুখ্যমন্ত্রীর সামনে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পেরে ধলাই জেলার উপস্থিত ৩৫ জনের সবাই খুশি। এদিন আগরতলা থেকেও দুজন মুখ্যমন্ত্রী সমীপেষু অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন ,সাধারণত আগরতলায় মুখ্যমন্ত্রী সমীপেষু অনুষ্ঠানে শহর ও শহর সংলগ্ন এলাকার জনগণরাই আসেন ।মহকুমা এবং জেলা থেকে খুব কম লোক আসছেন । জেলা ভিত্তিক এই উদ্যোগ গ্রহণের ফলে সংশ্লিষ্ট জেলাগুলির জনগণ উপকৃত হবেন। বিষয়টিকে একটি 'নতুন দিগন্ত' বলে আখ্যায়িত করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।