
আইনেট প্রতিনিধিঃ ২০২৫ সালের ১৩ মে রাজ্য পুলিশে ৯৭৫ জন কনস্টেবল নিয়োগ করা হয়। এদের মধ্যে ৪৭৬ জন পুলিশ কনস্টেবলের পাসিং আউট প্যারেড বৃহস্পতিবার নরসিংগড় স্থিত কেটিডিএস পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যান কর সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজকের কনস্টেবলদের পাসিং আউট প্যারেডে ৪৭৬ জনের মধ্যে ৩১৮ জনই মহিলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর বলে থাকেন, মহিলাদের স্বশক্তিকরনের কথা ।আমরা রাজ্য পুলিশে মহিলাদের স্বশত্তিকরণ করছি ।বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গর্বের ।পাসিং আউট প্যারেডে অংশগ্রহণকারীদের দায়িত্ব এবং নিষ্ঠা সহকারে কর্তব্য পালনের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি তাদের মনে করিয়ে দেন ,পুলিশের উপরে মানুষের সবচেয়ে বেশি আস্থা ।মানুষের এই আস্থা যেন অটুট থাকে ।যে পোশাক আপনারা আজ পরিধান করেছেন তার মর্যাদা যেন অক্ষুন্ন থাকে। এদিন পাসিং আউট প্যারেড অনুষ্ঠান শেষে অনুষ্ঠান মঞ্চেই সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভারত এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে উল্লেখযোগ্য স্থানে রয়েছে দেড়শ বছরের পুরনো রাজ্য পুলিশ ।রাজ্য পুলিশকে আরো শক্তিশালী করে তোলা হবে ।অল্প কিছুদিনের মধ্যেই ২১৮ জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে। এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে ।এছাড়া আরও ৯১৬ জন পুলিশ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। এই নিয়োগ প্রক্রিয়াও চলছে বলে জানান মুখ্যমন্ত্রী।