img


ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ক্ষোভে উত্তাল ফটিকরায় আম্বেদকর কলেজ


আইনেট  প্রতিনিধিঃ   ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের একের পর এক প্রশাসনিক গাফিলতি এবং উপাচার্য শ্যামল দাসের ভূমিকার প্রতিবাদে ফটিকরায় আম্বেদকর কলেজে তুমুল আন্দোলন শাসক ঘনিষ্ঠ ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। প্রতিবাদকারীদের ঝাঁজালো আন্দোলনে উত্তাল হয়ে ওঠে ঊনকোটি জেলার ফটিকরায় আম্বেদকর কলেজ চত্তর।অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডাকে কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলো ছাত্রছাত্রীরা। পরে কলেজ চত্বরে উপাচার্যের কুশপুতুল দাহ করে তীব্র প্রতিবাদ জানায় আন্দোলনকারীরা।আন্দোলনকারী সংগঠনের অভিযোগ, পরীক্ষায় অংশ নেওয়ার পরও বহু পড়ুয়ার নম্বর অনলাইনে প্রকাশ করা হচ্ছে না। ফলে পরবর্তী সেমিস্টারের ফর্ম ফিলাপ থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়াতেও দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।এছাড়াও, যেসব ছাত্রছাত্রী পুনরায় পরীক্ষা দিয়েছে, তাদের ক্ষেত্রেও বেক দেখানো হচ্ছে বলে অভিযোগ। এমনকি পরীক্ষা দেওয়ার পরও বহু ছাত্রছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনুপস্থিত দেখানো হচ্ছে বলেও দাবি করা হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে। এবিষয়ে এবিভিপি ফটিকরায় কলেজ শাখার নেত্রী দীপশিখা নাগ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের চরম গাফিলতির কারণেই সাধারণ ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে সমস্যা চললেও কোনো সদর্থক উদ্যোগ নিচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে ছাত্রছাত্রীদের সমস্যা সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে ABVP।    আন্দোলন স্থলে তীব্র স্লোগানের মাঝে হটাৎ‌ই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল দাসের কুশ পুতুল জ্বালান আন্দোলনকারীরা। আর তখনই আরো তীব্র হয় সংগঠনের আন্দোলনের মাত্রা। আন্দোলনকারীদের মুহুরমুহ শ্লোগানে উত্তাল হয়ে ওঠে ফটিকরায় কলেজ চত্বর।   ঘটনা প্রসঙ্গে এবিভিপি ফটিকরায় কলেজ শাখার সম্পাদক পবন দাস অভিযোগ করেন, সমস্যার সমাধানের জন্য ছাত্রছাত্রীরা কলেজে যোগাযোগ করলে তাদের বিশ্ববিদ্যালয়ে পাঠানো হচ্ছে। আবার বিশ্ববিদ্যালয়ে গেলে ফের কলেজে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। তার অভিযোগ এভাবে    বিশ্ববিদ্যালয় এবং কলেজ কর্তৃপক্ষ একে অপরের উপর দায় চাপিয়ে চেষ্টা করছে নিজেদের গাফিলতি আড়াল করার। এর জেরে চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মুখে পড়তে হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের।