
আইনেট প্রতিনিধিঃ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুসারে সারাদেশে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রাজ্যেও এই কর্মসূচি চলছে ।রাজ্যে মন্ডল থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণবর্গ কর্মসূচি ।এর অঙ্গ হিসেবে কামিনী কুমার মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৯ বনমালীপুর মন্ডলের মন্ডল প্রশিক্ষণ বর্গ শুরু হয়েছে। এদিন প্রদীপ জ্বালিয়ে দুইদিন ব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্য বিজেপি সভাপতি তথা সংসদ রাজীব ভট্টাচার্য। এই উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করা হয় । পরে ভারত মাতা সহ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, ত্রিপুরা রাজ্যে মন্ডল স্তর থেকে এই কর্মসূচি শুরু হয়েছে ।পরবর্তী সময়ে বুথ লেভেল ,জেলা ভিত্তিক এবং রাজ্যভিত্তিক কর্মসূচি অনুষ্ঠিত হবে ।তিনি আরো জানান ,দুই দিনের এই কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ রাত্রি যাপন করবেন। কর্মসূচিতে ৮টি বিশেষ বিষয়ের উপর নেতৃবৃন্দ আলোকপাত করবেন ।জেলা এবং রাজ্যভিত্তিক প্রশিক্ষণ বর্গের কর্মসূচিতে আলোচ্য বিষয়ের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে জানান তিনি।