
আইনেট প্রতিনিধিঃ গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হল জিবি হাসপাতালে ।মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে এই যুবক।মৃত যুবকের নাম রুবেল মিয়া।বয়স আনুমানিক ৩০ বছর। জানা গেছে রুবেল মিয়া তার দুই ভাইয়ের সাথে চেন্নাইতে থেকে কাজ করতো ।তিন মাস আগে চেন্নাই থেকে বাড়ি ফিরে আসে সে ।বাড়ি এসে বাবার সাথে কৃষিকাজ করতো ।তার বাড়ি সোনামুড়া মহকুমার বক্সনগরের মধ্য বক্সনগর এলাকার আশা বাড়ি উত্তরপাড়ায় ।সীমান্ত সংলগ্ন তার বাড়ির পাশেই আশাবাড়ি মসজিদে অন্যান্য দিনের মতো গত ২১ মে নামাজ পড়তে যায় সে। নামাজ পড়তে গিয়ে মসজিদ প্রাঙ্গনেই গুলিবিদ্ধ হয় রুবেল মিয়া ।অভিযোগ আসাবাড়ি বিওপির বিএসএফ জওয়ানরা তাকে গুলি করে ।তার পিঠের বাঁ দিকে গুলি লাগে ।মসজিদে উপস্থিত অন্যান্যরা তাকে রক্তাক্ত অবস্থায় বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান ।সেখান থেকে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।জানা গেছে গুলিতে রুবেল মিয়ার ফুসফুস ফুটো হয়ে যায়। জিবি হাসপাতালের চিকিৎসকরা গুলি বেড় করতে পারলেও ফুসফুসের ক্ষত সারাতে পারেনি ।ফলে ছয় দিনের মাথায় মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যু হয় রুবেল মিয়ার ।এদিন জিবি হাসপাতালে গুলিতে নিহত রুবেল মিয়ার পিতা এই সংবাদ জানান।