
আইনেট প্রতিনিধিঃ রাজধানী আগরতলার অন্যতম ব্যস্ততম বাজার দুর্গা চৌমুনী সবজি বাজার। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার ক্রেতা-বিক্রেতার ভিড়ে জমজমাট থাকে এই বাজার। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, টানা তিনদিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে পুরো বাজার এলাকা। রবিবার সকালে বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আজ মঙ্গলবার পর্যন্ত তা স্বাভাবিক হয়নি। ফলে চরম সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীর অভিযোগ, বিদ্যুৎ না থাকায় ওজন পরিমাপের ডিজিটাল যন্ত্র চার্জ দিতে পারছেন না, ফলে ব্যবসা চালাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে।শুধু তাই নয়, বাজারের আলো না থাকায় সন্ধ্যার পর নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। ব্যবসায়ীদের অভিযোগ, বারবার বিদ্যুৎ দপ্তরে ফোন করা হলেও প্রতিবারই “দেখছি” বলে ফোন কেটে দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে মেরামতের জন্য এখনো পর্যন্ত কেউ ঘটনাস্থলে পৌঁছাননি বলে দাবি ব্যবসায়ীদের।