
আইনেট প্রতিনিধিঃ প্রায় দুই দিনের নিরন্তর বর্ষণের পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া পুর পরিষদের অন্তর্গত বেশ কিছু জায়গা প্রায় জল প্লাবিত হয়ে উঠেছে। এই অবস্থায় আকাশে যেহেতু মেঘের ঘনঘটা রয়েছে তাই দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে। পরিস্থিতি সরেজমিনে চাক্ষুষ করে প্রয়োজন অনুযায়ী দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণের জন্য তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারম্যান রূপক সরকার বৃষ্টির মধ্যেই জলমগ্ন হয়ে পড়া বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। বিশেষ করে পুর পরিষদের অন্তর্গত এক, দুই এবং আট নম্বর ওয়ার্ড এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন পুর পিতা সহ অন্যান্যরা। এর পাশাপাশি গোটা পুর এলাকার জল নিকাশি ব্যবস্থাকে ঠিক রাখার জন্য পুর পরিষদের বিভিন্ন স্তরের কর্মীদের তৎপরতা সকাল থেকেই পরিলক্ষিত হচ্ছে। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলার সময় রূপক সরকার জানিয়েছেন এক নম্বর এবং দুই নম্বর ওয়ার্ড এলাকা জল প্লাবিত হওয়ার পেছনে জাতীয় সড়ক নির্মাণের যে কাজ চলছে সেই চলমান প্রক্রিয়া দায়ী। শ্রী সরকার দাবি করেন মূলত রাস্তার কাজের জন্য নির্ধারিত ড্রেইন গুলো বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই অবস্থা তৈরি হয়েছে, যদিও আগামী ১-২ দিনের মধ্যে জাতীয় সড়ক নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থার সাথে কথা বলে এটা সমাধানের রাস্তা বার করা হবে বলে পুর পিতা জানিয়েছেন।s পাশাপাশি বেশ কিছু এলাকাতে সাধারণ মানুষ অসচেতন ভাবে বাড়িঘরের বিভিন্ন আবর্জনা গুলো ড্রেইনে ফেলে দেন বলে পরিস্থিতি ভয়াবহ হচ্ছে এই বক্তব্য সামনে এনে পুর পিতা সংশ্লিষ্ট সকলকে সজাগ এবং সতর্কভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান রাখেন।