
আইনেট প্রতিনিধিঃ শনিবার আমবাসা ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলের মূল স্লোগান ছিল—"মোদী সরকারের ১২ বছরের শাসনে দেশ পিছিয়ে পড়েছে, এ যেন এক অন্য ভারত।" কংগ্রেস নেতৃত্বের দাবি, বর্তমান সরকারের ভুল অর্থনৈতিক নীতির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বাজারদরের এই আকাশছোঁয়া বৃদ্ধির প্রতিবাদে এবং আমজনতার অধিকার আদায়ের লক্ষ্যে এদিন রাস্তায় নামেন কংগ্রেস কর্মী - সমর্থকেরা। কংগ্রেস নেতৃত্বদের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ রক্ষায় আগামী দিনে তাদের এই আন্দোলন আরও তীব্র রূপ নেবে। মিছিলটি জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয় আমবাসার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জেলা ভবনে এসে শেষ হয় এবং সেখানে এক পথসভার মাধ্যমে বিক্ষোভ জানায় কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমবাসা ব্লক কংগ্রেস সভাপতি রুপনধরপুর কায়স্থ, জেলা কংগ্রেস কমিটির সভাপতি নিধু মারাক, জেলা কংগ্রেস নেতৃত্ব জ্যাকব রুকুম সহ অন্যান্য।