
আইনেট প্রতিনিধিঃ তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের পরিষেবা নিয়ে সোমবার ক্ষোভে ফেটে পড়লেন শতাধিক বিদ্যুৎ গ্রাহক। বিদ্যুৎ বিল জমা দেওয়ার জন্য সকাল থেকেই অফিস চত্বরে দীর্ঘ লাইন পড়লেও পরিষেবার মান ও প্রশাসনিক অব্যবস্থাপনায় চরম দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ মানুষকে।
গ্রাহকদের অভিযোগ, সম্প্রতি বিদ্যুতের প্রিপেইড রিচার্জে অস্বাভাবিক হারে ইউনিট কমে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। যেখানে আগে ৫০০ টাকার রিচার্জে ৭০ থেকে ৮০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যেত, সেখানে বর্তমানে একই পরিমাণ অর্থ ব্যয় করেও মাত্র ১০ থেকে ১৫ ইউনিট পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেন বহু গ্রাহক। ফলে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে বিদ্যুতের অতিরিক্ত ব্যয় সাধারণ মানুষের সংসারে নতুন করে চাপ সৃষ্টি করেছে।
ক্ষুব্ধ গ্রাহকদের দাবি, এই অস্বাভাবিক ইউনিট হ্রাসের কারণ জানতে চাইলে বিল কাউন্টারে কর্তব্যরত কর্মী হরিদাস সাহা কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি। বরং তিনি সরাসরি এই বিষয়টির জন্য তেলিয়ামুড়া বিদ্যুৎ নিয়মের সিনিয়র ম্যানেজার উৎপল কর এর গাফিলতি বলে অভিযোগ করেছেন। এবং বিষয়টি নিয়ে সিনিয়র ম্যানেজারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। কিন্তু অভিযোগ, অফিসে উপস্থিত বহু গ্রাহক সংশ্লিষ্ট কোনো ঊর্ধ্বতন আধিকারিকের দেখা পাননি। জানানো হয়, সকল আধিকারিক নাকি অফিসিয়াল বৈঠকে ব্যস্ত ছিলেন।
এদিকে অফিসে দুটি বিল কাউন্টার থাকা সত্ত্বেও মাত্র একটি কাউন্টার চালু থাকায় দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় গ্রাহকদের। প্রচণ্ড গরমের মধ্যে নারী, পুরুষ, প্রবীণ নাগরিক—সকলকেই একসঙ্গে ভিড়ের মধ্যে অপেক্ষা করতে দেখা যায়। আলাদা কোনো মহিলা বা প্রবীণ নাগরিকদের জন্য লাইন না থাকায় পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে ওঠে।