img


ফের একবার নেশা বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল সিধাই থানার পুলিশ


আইনেট  প্রতিনিধিঃ    ফের একবার নেশা বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল সিধাই থানার পুলিশ ।গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়েই পুলিশ এই সাফল্য পায় ।অভিযানে উদ্ধার করা হয় ২৪০০ ইয়াবা ট্যাবলেট। রবিবারই সন্ধ্যা রাতে গোপন সংবাদে সিধাই থানার পুলিশ খবর পায়,  সিধাইথানাধীন রবীন্দ্রপল্লী এলাকার এক বাড়িতে প্রচুর নেশা সামগ্রী মজুদ রয়েছে। খবর পেয়েই সিধাই থানার পুলিশ মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে রবীন্দ্রপল্লী এলাকায় ছুটে যায় ।সিধাই থানার পুলিশের সাথে ছিল লেফুঙ্গা থানার পুলিশ ,সিআরপিএফ এবং টিএসআর এর বিশাল বাহিনী । সংশ্লিষ্ট বাড়িটিকে চারিদিকে কর্ডন করে রাত সাড়ে বারোটা থেকে ভোর চারটা পরযন্ত চলে পুলিশের তল্লাশি অভিযান। রাতভর এই অভিযান কালে সংশ্লিষ্ট বাড়ি থেকে পুলিশ প্রায় ২৪০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ।এদিন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক আশীষ দাশগুপ্ত এই সংবাদ জানান। তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলির বাজার মূল্য আনুমানিক ৪ লক্ষ টাকা। একটি এনডিপিএস ধারায় মামলা নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান তিনি। এদিকে জানা গেছে রবীন্দ্র পল্লী এলাকার বিজয় পালের বাড়িতে এই অভিযান চালায় পুলিশ ।সে একজন কুখ্যাত নেশা কারবারি ।২০২৩ সালেও পুলিশ একই অভিযোগে তাকে গ্রেফতার করে। মোহনপুর এবং সিমনা এলাকায়  নেশা কারবারের একটি বড়সড় জাল বিস্তার করেছে সে ।জানা গেছে রবিবার পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় সে। বিজয় পাল কে জালে তুলতে রবীন্দ্রপল্লীসহ বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান জারি রয়েছে বলেও জানা গেছে।