
আইনেট প্রতিনিধিঃ পাঁচ দফা দাবির ভিত্তিতে ৫ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক এবং রেল অবরোধ আন্দোলনের ঘোষণা দিয়েছিল ত্রিপুরা গেরিলা রিটার্নিজ ডিমান্ড কমিটি তথা টিজিআর ডিসি। সম্প্রতি আত্মসমর্পণকারী বৈরীদের পক্ষ থেকে চিঠি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জনজাতি কল্যাণ মন্ত্রী কে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল ।পাঁচ দফা দাবি পূরণের জন্য ২৯ মে চূড়ান্ত সময়সীমার কথাও চিঠিতে উল্লেখ করা হয় ।কিন্তু এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কোন উত্তর না পেয়ে সংগঠনের নেতৃবৃন্দ ৫ জুন থেকে এই অনির্দিষ্টকালের অবরোধ আন্দোলনের কথা ঘোষণা করেছিলেন। আন্দোলন ঘোষনার পরোই রাজ্য প্রশাসনে টনক নড়ে। প্রশাসনের পক্ষ থেকে নেতৃবৃন্দকে বৈঠকের জন্য আহ্বান করা হয় ।সেই মতো গত দুই জুন মহাকরণে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ,অধিকর্তা ,পুলিশ প্রশাসনের আধিকারিক, অন্যান্য লাইন ডিপার্টমেন্টের আধিকারিক সহ ত্রিপুরা গেরিলা রিটানিজ ডিমান্ড কমিটির আহ্বায়ক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, অতিসত্বর সংগঠনের দাবি পূরণে উদ্যোগী হবে প্রশাসন। এরই মধ্যে মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পের ফ্যানসিং বাবদ নির্ধারিত ৪ কোটি টাকা মঞ্জুরও করা হয়।এর মধ্যে দুই কোটি টাকা বিভিন্ন মহকুমাতে পাঠিয়েও দেওয়া হয় ।আরো দুই কোটি টাকা কিছুদিনের মধ্যেই মহকুমা গুলিতে পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি অন্যান্য দাবিগুলিও অবিলম্বে পূরণ করার জন্য রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নেতৃবৃন্দের আশ্বাস প্রদান করা হয় ।এই আশ্বাসের ভিত্তিতেই ত্রিপুরা গেরিলা রিটার্নিজ ডিমান্ড কমিটির নেতৃবৃন্দ জাতীয় সড়ক এবং রেল অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার মহাকরণে জনজাতি কল্যাণ মন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ে আরো এক প্রস্থ আলোচনা হয় ।আলোচনা শেষে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তের কথা জানান।