img


পুষ্পবন্ত প্যালেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ


আইনেট  প্রতিনিধিঃ  ইতিহাসের গর্ভ থেকেই পথ চলা শুরু হলো আরেক ইতিহাসের ।   রাজধানীর অন্যতম ঐতিহাসিক এবং রাজকীয় স্থাপত্য পুষ্পবন্ত প্যালেসে শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাজ গ্রুপের তাজ পুষ্পবন্ত প্যালেসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ  কিশোর দেববর্মন, রাজ্য মন্ত্রিসভার সদস্য সদস্যা সহ অন্যান্যরা ।এদিন কপালে তিলক এটে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এই ভুমি পূজন অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। ১৯১৭ সালে মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য দেববর্মা এই কুঞ্জবন প্রাসাদ বা পুষ্পবন্ত প্যালেস নির্মাণ করেন। এই প্রাসাদের সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জড়িয়ে রয়েছে। ত্রিপুরার রাজ পরিবারে আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কয়েকবার এই প্রাসাদে অতিথি হিসেবে এসেছিলেন। পরে দেশের স্বাধীনতার পর ,ত্রিপুরা ভারতে অন্তর্ভুক্ত হওয়ার পর এই পুষ্পবন্ত প্রাসাদ টিকে রাজভবন হিসেবে ঘোষণা করা হয় ।২০১৮ সালে বর্তমান ক্যাপিটেল কমপ্লেক্সে রাজভবন স্থানান্তরিত হওয়ার পূর্ব পর্যন্ত পুষ্পবন্ত প্যালেস  রাজভবন হিসেবেই পরিচিত ছিল ।পরে এই প্রাসাদটিকে মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য মিউজিয়াম এবং কালচারাল সেন্টারে রূপান্তরিত করা হয় ।বর্তমানে এই রবীন্দ্র স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থানেই টাটা গ্রুপের আই এইচ সি এল ও ত্রিপুরা সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে তাজ পুষ্পবন্ত প্যালেস নামের পাঁচতারা হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো এদিন।