
আইনেট প্রতিনিধিঃ দুদিনের সফরের রাজ্যে এসে শুক্রবার দুপুরে রাজধানী সংলগ্ন লঙ্কা মুড়ায় বিএসএফ চৌকি পরিদর্শনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিএসএফ চৌকি পরিদর্শনকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, সীমা প্রবন্ধক বিভাগের সচিব ,বিএসএফের ডি জি, বিএসএফের মহা নির্দেশক সহ অন্যান্য আধিকারিকরা। এদিন লঙ্কামুড়া বিএসএফ চৌকিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আগোরগাছের চারা রোপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বলেন সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত বিএসএফ জওয়ানদের সাথে ।এই অনুষ্ঠানে বিএসএফ জওয়ানদের সামনে বক্তব্য রাখেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ত্রিপুরা তিন দিক দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের সীমানা দ্বারা পরিবেষ্টিত ।তাই এই রাজ্যটি অত্যন্ত সংবেদনশীল ।তিনি জানান, রাজ্যের ৬৫০ কিলোমিটার দীর্ঘ কাঁটাতারের বেড়া ১৫ বছরের বেশি সময়ের পুরনো। এরমধ্যে ১১৯ কিলোমিটার কাঁটা তারের বেড়ার সংস্কারের কাজের জন্য ইতিমধ্যেই মঞ্জুরি দেওয়া হয়েছে ।এর প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে গেছে। এদিন লঙ্কামুড়া বিএসএফ চৌকি পরিদর্শনে গিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের কর্মসূচিতে যোগদান করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিবেশকে মানুষের বসবাসের উপযোগী রাখতে হলে সবাইকে সচেতন থাকতে হবে। মানব সমাজের উন্নয়নের জন্য আমরা যে পরিমাণ পরিবেশের ক্ষতি করেছি তার ক্ষতিপূরণে সবাইকে এগিয়ে আসতে হবে।