
আইনেট প্রতিনিধিঃ কমলপুরের মায়াছড়ি খেলার মাঠ সংলগ্ন এলাকায় এক বিধবা মহিলার বাড়িতে পরপর দুই দিন অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুষ্কৃতীদের এই হামলায় বাড়ির সমস্ত আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।জানা গেছে, মায়াছড়ি এলাকার বাসিন্দা মল্লিকা গোপ ধর্মীয় উদ্দেশ্যে দেওঘরে যান। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। প্রথম দফায় গত সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় বাড়ির একটি বড় অংশ এবং বহু মূল্যবান জিনিসপত্র আগুনে নষ্ট হয়ে যায়।তবে ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, গতকাল গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা পুনরায় মল্লিকা গোপের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফলে প্রথম অগ্নিকাণ্ডের পর যা কিছু অবশিষ্ট ছিল, তাও সম্পূর্ণভাবে পুড়ে যায়। বর্তমানে বাড়িটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মল্লিকা গোপের স্বামী দীর্ঘদিন আগে মারা গেছেন। পরিবারের একমাত্র মেয়ে বিবাহিত এবং শ্বশুরবাড়িতে থাকেন। ফলে বাড়িতে তিনি একাই বসবাস করতেন। তার অনুপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।এলাকাবাসীদের দাবি, অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। ঘরের আসবাবপত্র, পোশাক-পরিচ্ছদ, গৃহস্থালির সামগ্রীসহ বহু প্রয়োজনীয় জিনিসপত্র আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে।এদিকে পরপর দুই দিনের এই অগ্নিসংযোগের ঘটনায় মায়াছড়ি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীদের একাংশের বক্তব্য, “আজ একটি বাড়িতে আগুন লাগানো হয়েছে, কাল অন্য কারও বাড়িতেও এমন ঘটনা ঘটতে পারে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে রাতে এলাকায় নিরাপদে বসবাস করা কঠিন হয়ে পড়বে।” কমলপুর পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালানো হচ্ছে।