
আইনেট প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গ্লো গ্রিনের উদ্যোগে রবিবার আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ-এর সামনে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলার পুর নিগমের মেয়র দীপক মজুমদার,কর্পোরেটর রত্না দত্ত, কর্পোরেটর প্রদীপ চন্দ্রও গ্লো গ্রিনের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার শহরকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, আগরতলা শহরে আধুনিক প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জিপিএস/জিপিআরএস-ভিত্তিক মনিটরিং ব্যবস্থা চালু করা হবে। এই ব্যবস্থার মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে আবর্জনা জমে থাকলে দ্রুত তা শনাক্ত করে অল্প সময়ের মধ্যেই পরিষ্কারের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।
এছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্লাস্টিক বোতল ও অন্যান্য প্লাস্টিকজাত বর্জ্য সংগ্রহের জন্য বিশেষ ধরনের ডাস্টবিন স্থাপনের পরিকল্পনার কথাও জানান সংশ্লিষ্টরা। তাদের মতে, এই উদ্যোগ শহরকে প্লাস্টিক দূষণমুক্ত রাখতে এবং নাগরিকদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে প্রযুক্তির ব্যবহার এবং নাগরিক অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি উপস্থিত অতিথিরা সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করেন এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ ও পরিচ্ছন্ন আগরতলা গড়ে তোলার বার্তা বহন করে