
আইনেট প্রতিনিধিঃ আগামী রবিবার ১৩ জুন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের ২০২৬-২৮ সালের দ্বিবার্ষিক নির্বাচন ।এই নির্বাচনে ১৫ টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩৫ জন প্রার্থী ।মূল প্রতিদ্বন্দিতা হচ্ছে শাসকদলের আইনজীবীদের সংগঠন আইনজীবী উন্নয়ন মঞ্চের সাথে বারের বর্তমান শাসকগোষ্ঠী কংগ্রেস ও সিপিএম সমর্থিত আইনজীবীদের সংগঠন সংবিধান বাঁচাও মঞ্চের। এই ভোটকে কেন্দ্র করে দুই প্যানেলই প্রচারের ঝড় তুলেছে ।সাংবাদিক সম্মেলন ,আদালত চত্বরে মিছিল মিটিং থেকে শুরু করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চলছে ভোট প্রচার। এদিন ছিল প্রচারের শেষ রবিবার ।নির্বাচনের শেষ রবিবাসরীয় প্রচারে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করতে দেখা গেল আইনজীবী উন্নয়ন মঞ্চের প্রার্থীদের । তাদের সাথে ছিলেন মঞ্চের সদস্যরাও। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন ।এই ভোট প্রচার প্রসঙ্গে আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠুভাবেই চলছে প্রচারের কাজ ।আইনজীবী মঞ্চের প্রার্থীদের পক্ষে ভোটারদের ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। রবিবার ভোট প্রচারে বেরিয়ে আইনজীবী উন্নয়ন মঞ্চের এক সদস্য জানান, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের বর্তমান শাসকগোষ্ঠী তথা সংবিধান বাঁচাও মঞ্চ কোন প্রতিশ্রুতি পালন করেনি। আদালত চত্বরকে ওয়াইফাই জোনে পরিণত করা হয়নি। মহিলা আইনজীবীদের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি তারা দিয়েছিল ।কিন্তু সেই প্রতিশ্রুতি পালিত হয়নি। ভোটে জিতে ক্ষমতায় এলে আইনজীবী উন্নয়ন মঞ্চ সব প্রতিশ্রুতি পালন করবে বলেও জানান তিনি ।ভোট প্রচারের দাদন বিলির অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি জানান ,আইনজীবীরা স্পষ্টই স্বাধীন পেশার সাথে যুক্ত। তাই দাদন বিলির কোন প্রশ্নই ওঠে না।