
আইনেট প্রতিনিধিঃ সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার কাজিটিলা এলাকায় শুক্রবার ভোর থেকে ব্যাপক তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রায় ১৫০ কোটি টাকার আর্থিক লেনদেন ও মাদক চক্র সংক্রান্ত তদন্তের সূত্র ধরে কথিত ‘নেশা সম্রাট’ হিসেবে পরিচিত আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়ার বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।
ইডির একটি বিশেষ দল বিপুল সংখ্যক সিআরপিএফ জওয়ানকে সঙ্গে নিয়ে এলাকায় পৌঁছে অভিযুক্তদের বাড়ি ঘিরে ফেলে। এরপর বাড়ির বিভিন্ন কক্ষ ও আশপাশের এলাকা তল্লাশি চালানো হয়। অভিযানের সময় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।
তদন্তকারী সূত্রে জানা গেছে, আর্থিক অনিয়ম ও মাদক পাচার সংক্রান্ত মামলার তদন্তের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়ার সন্ধান পায়নি ইডি। অভিযানের সময় তারা বাড়িতে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।এই ঘটনাকে ঘিরে সোনামুড়া তথা গোটা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে সকলের।