
আইনেট প্রতিনিধিঃ স্বাস্থ্যসচেতনতা, জনস্বাস্থ্য পরিষেবা এবং মানুষের সার্বিক সুস্থতার লক্ষ্যে ধারাবাহিক কাজের স্বীকৃতি পেল ত্রিপুরার ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত। দেশের মধ্যে সুস্থ পঞ্চায়েত হিসেবে নির্বাচিত হয়ে জাতীয় স্তরে সম্মান অর্জন করেছে এই পঞ্চায়েতটি।
এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ চলতি মাসের ৯ জুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীব রঞ্জন সিং-এর হাত থেকে সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রতিনিধিরা।
দিল্লি থেকে পুরস্কার নিয়ে ফেরার পর ফটিকরায়ের বিজেপি মণ্ডল কার্যালয়ে পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সংবর্ধনা জানান ত্রিপুরা সরকারের মন্ত্রী তথা ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস। অপরদিকে পঞ্চায়েতের পক্ষ থেকেও মন্ত্রীকে সংবর্ধিত করা হয় ফুলের তোড়া ও স্মারক উপহার দিয়ে।
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের এই সাফল্য শুধু পঞ্চায়েত এলাকার নয়, গোটা ফটিকরায় বিধানসভা ও ত্রিপুরা রাজ্যের জন্য গর্বের বিষয়। তিনি জানান, গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যসুরক্ষা, ডায়াবেটিস ও চক্ষুরোগীদের চিকিৎসা পরিষেবা প্রদানসহ জনস্বাস্থ্যের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এই পঞ্চায়েত। আর সেই ধারাবাহিক প্রচেষ্টার ফল হিসেবেই এসেছে জাতীয় স্বীকৃতি।