
আইনেট প্রতিনিধিঃ বনদস্যুদের হাত থেকে বনজ সম্পদ রক্ষা করার জন্য খোয়াই মহকুমা বন দপ্তর ক্রমান্বয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভালো সফলতা পাচ্ছে।খোয়াই মহকুমা বন দপ্তরের আধিকারিক সুস্মিতা দাসের নেতৃত্বে গত দুদিনে মহকুমার বিভিন্ন স্থান থেকে বন কর্মীরা অভিযান চালিয়ে ২২০ ফুট চোরাই কাঠ সহ মোট চারটি গাড়ি আটক করতে সক্ষম হয়। আজ দুপুরে তুলাশিখর এবং খোয়াইয়ের জাম্বুরা এলাকায় অভিযান চালিয়ে বন দপ্তরের কর্মীরা দুটি কাঠ বোঝাই গাড়িকে আটক করতে সক্ষম হয়। একই রকম ভাবে গতকালও পাগলা বাড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে বন দপ্তরের কর্মীরা প্রচুর সংখ্যক অবৈধ কাঠ সহ দুটি গাড়ি আটক করে। মহকুমা বন আধিকারিক সুস্মিতা দাস জানিয়েছেন, গত দুদিনের অভিযানে ৭ লক্ষ টাকার মতো অবৈধ কাঠ উদ্ধার করা হয়। এছাড়া গাছ কাঁটার মেশিন ও চারটি গাড়ি আটক করা হয়। তিনি জানান বন দপ্তরের সংশ্লিষ্ট ধারায় মোট চারটি মামলা গ্রহণ করা হয়েছে।