img


মুখ্যমন্ত্রীর আলোচনার আশ্বাসে জাতীয় সড়ক এবং রেল অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নিল আত্মসমর্পণকারী বৈরীরা।


আইনেট  প্রতিনিধিঃ   ত্রিপাক্ষিক চুক্তি মত পুনর্বাসন প্রকল্পে দাবি পূরণ না হওয়ায় শুক্রবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন স্থানে জাতীয় সড়ক এবং রেল অবরোধ শুরু করে আত্মসমর্পণকারী এন এল এফ টি এবং এ টি টি এফ -এর সদস্যরা ।অসম- আগরতলা জাতীয় সড়কের বড় মুড়া, আগরতলা -খোয়াই- কৈলাশহর জাতীয় সড়কের হেজামারা সংলগ্ন সুবল সিং এলাকায় শুক্রবার সকাল থেকে চলে এই অবরোধ আন্দোলন। মান্দাইয়ের কাছে ভৃগু দাস পাড়ায় চলে রেল অবরোধ। অবরোধের জেরে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা একপ্রকার স্তব্ধ হয়ে পড়ে। এদিকে আত্মসমর্পণকারী বৈরীদের এই আন্দোলন তুলে নিতে প্রচেষ্টা চালায় রাজ্য প্রশাসন ।  বিষয়টি নিয়ে দিল্লিতে অবস্থানরত রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদ্যোগী হয়ে উঠেন ।তিনি জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মাকে ভিত্তি পাঠিয়ে জানান, রাজ্যে ফিরে এসে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে আত্মসমর্পণকারীদের সাথে বৈঠক করবেন তিনি। বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলেও মুখ্যমন্ত্রী বার্তা পাঠান। মুখ্যমন্ত্রীর এই বার্তা নিজে বড়মুড়ায় গিয়ে আন্দোলনকারীদের কাছে পৌঁছে দেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ।মুখ্যমন্ত্রীর এই বার্তা পেয়ে অবশেষে জাতীয় সড়ক এবং রেল অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন আত্মসমর্পণকারী বৈরী দলের নেতৃবৃন্দ ।এদিন বেলা দেড়টায় আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করেন আত্মসমর্পণকারী বৈরী দলের নেতা প্রসেনজিৎ দেববর্মা ।তিনি জানান, মুখ্যমন্ত্রী নিজে বৈঠকে চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন। বৈঠকে থাকবেন মুখ্য সচিব ,রাজ্য পুলিশের মহা নির্দেশক সহ বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিকরা। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের বার্তা দেন মুখ্যমন্ত্রী ।মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের ভিত্তিতেই অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হলো বলে জানান তিনি।