
আইনেট প্রতিনিধিঃ সকল প্রকারের ভেদাভেদ এবং সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে রক্তদান ।এই মহৎ কার্যের মধ্যে কেবলমাত্র মানবতাই বজায় থাকে। শনিবার রাজধানীর ইন্দ্রনগরস্থিত গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসারস ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে এই কথা বলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করে বক্তব্য রাখছিলেন তিনি। মেয়র বলেন ,প্রতিটি সংস্থাকেই তাদের দৈনন্দিন কাজকর্ম ও ব্যস্ততার মধ্যেও সময় বের করে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সামাজিক কাজে এগিয়ে আসা উচিত। মেয়র আরো বলেন ,রক্তের কোন বিকল্প নেই ।যারা স্বেচ্ছায় রক্তদান করছেন তারাই একমাত্র বিকল্প। রক্তদাতারা তাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছেন। উল্লেখ্য এবছর প্রথম রক্তদান শিবিরের আয়োজন করেছে গোমোতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসারস ইউনিয়ন লিমিটেড ।আগামী বছরগুলিতেও সংস্থার এই ধরনের প্রশংসনীয় উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকবে বলে বিশ্বাস করেন মেয়র ।এই রক্তদান শিবির কে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায়।