
আইনেট প্রতিনিধিঃ বিলোনিয়া সফরে বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, যোগমায়া কালী বাড়িতে পূজা দিয়ে শুরু কার্যকর্তা সন্মেলন। নবনির্বাচিত বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায় সোমবার বিলোনিয়া সফরে আসেন। সকালে শহরের ঐতিহ্যবাহী প্রাচীন যোগমায়া কালি বাড়িতে পূজা দিয়ে তিনি রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। এরপর দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিজেপি জেলা কার্যালয়ে বৃক্ষরোপণ করেন পরে শচীন দেব বর্মণ অডিটোরিয়ামে আয়োজিত কার্যকর্তা সন্মেলনে যোগ দেন রাজ্য সভাপতি। মন্দিরে পূজা শেষে সরাসরি বিজেপি জেলা কার্যালয়ে যান অভিষেক দেবরায়। সেখানে ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির অঙ্গ হিসেবে ফল গাছের চারা রোপণ করেন তিনি। বৃক্ষরোপণের পর তিনি বিলোনিয়া শচীন দেব বর্মণ অডিটোরিয়াম হলে আয়োজিত কার্যকর্তা সন্মেলনে অংশ নেন। সন্মেলন স্থলে পৌঁছালে জেলা সভাপতি, স্থানীয় বিধায়ক, বিভিন্ন জনপ্রতিনিধি ও দলীয় কার্যকর্তারা তাকে উষ্ণ সংবর্ধনা জানান। প্রদীপ প্রজ্বলন ও ভারতমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে সন্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। এসময় মঞ্চে রাজ্য সভাপতির সঙ্গে জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় সংগীত পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর শুরু হয় মূল সন্মেলন।