img


ট্রেনে কলকাতা যাওয়ার পথে নিখোঁজ তেলিয়ামুড়ার যুবক,


আইনেট  প্রতিনিধিঃ    নিজ আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে যাত্রা শুরু করার পর দীর্ঘ আট দিন পেরিয়ে গেলেও কোনো খোঁজ মিলছে না তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকার ৩২ বছর বয়সী লিটন ভান্ডারীর।

জানা গেছে,    তেলিয়ামুড়া চাকমাঘাট ঠাকুর চাঁদ বৈশ্য পাড়া এলাকার বাসিন্দা লিটন ভান্ডারী গত ১১ জুন কলকাতায় থাকা আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আগরতলার বাধারঘাট রেল স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে যাত্রা শুরু করেন। যাত্রাপথে শিলিগুড়ি পৌঁছানো পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ ছিল। কিন্তু এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, নির্দিষ্ট সময়ে ট্রেন কলকাতায় পৌঁছানোর পর আত্মীয়রা স্টেশনে গিয়ে এবং ট্রেনে খোঁজাখুঁজি করেও লিটন ভান্ডারীর কোনো সন্ধান পাননি। এরপর পরিবারের তরফে হতাশ হয়ে আগরতলা বাধারঘাট জিআরপি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। কিন্তু এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এই ঘটনায় সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে লিটন ভান্ডারীর বড় বোন তার ভাইকে দ্রুত খুঁজে বের করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান। পরিবার সূত্রে জানা গেছে, লিটন ভান্ডারী ডায়াবেটিস রোগে আক্রান্ত।

লিটন ভান্ডারীর সন্ধান পেলে নিকটবর্তী থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য আবেদন জানানো হয়েছে।