img


অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তের মধ্যে সর্বস্ব হারালেন স্থানীয় বাসিন্দা দেবাশীষ মজুমদার।


আইনেট  প্রতিনিধিঃ    দক্ষিণ ত্রিপুরার সাব্রুম নগর পঞ্চায়েত এলাকার ১ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তের মধ্যে সর্বস্ব হারালেন স্থানীয় বাসিন্দা দেবাশীষ মজুমদার। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। বাড়ির ভেতরে বিপুল পরিমাণ রাবার মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ ধারণ করে।

চোখের পলকে আগুন গ্রাস করে বসতবাড়ি, একটি গাড়ি এবং ঘরে থাকা সমস্ত আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী। খবর পেয়ে সাব্রুম ও মনুবাজার অগ্নিনির্বাপক কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নেভানো সম্ভব হলেও দেবাশীষ মজুমদারের বাড়ির  কিছুই রক্ষা করা যায়নি

স্থানীয়দের সহযোগিতা ও দমকল কর্মীদের তৎপরতায় পাশের বাড়িগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তবে নিজের চোখের সামনে জীবনের সঞ্চয় পুড়ে ছাই হতে দেখে ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। এলাকাজুড়ে নেমে এসেছে শোক ও হতাশার ছায়া।