
আইনেট প্রতিনিধিঃ ঘুমের মধ্যে স্বামীকে হত্যা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিলেন কমলপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক। ঘটনার বিবরণে প্রকাশ গত ২৭ মে ২০২৩ সালে কমলপুর থানাধিন চুলবাড়ি পঞ্চায়েতের জগন্নাথ পাড়ার বাসিন্দা মোহন মারাক রাত্রি এগারোটা ত্রিশ নাগাদ রাতের খাবার সেরে স্ত্রী ঝুমা মারার ও চার বছরের কন্যা সন্তান নিয়ে ঘুমিয়েছিল। পরদিন ২৮ মে সকাল সাড়ে আটটা নাগাদ মোহন ঘুম থেকে উঠছেনা দেখে তার মা সুরতি মারার মোহনের ঘরে গিয়ে দেখে মোহন বিছানায় পড়ে আছে। তার গলায় কালচে দাগ রয়েছে। তখন মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে দেখে মোহন মৃত অবস্থায় পড়ে আছে। সাথে সাথে খবর দেওয়া হয় কমলপুর থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ নিয়ে এসে পোস্ট মর্টেম করায়। এদিকে মৃত মোহনের বাবা মহেশ মারার ৩০ মে কমলপুর থানায় মোহনের স্ত্রী ঝুমা 'র নামে খুনের অভিযোগ করে। কমলপুর থানা ৫৪/২০২৩ মামলা নিয়ে আইপিসি 'র ৩০২ ধারা রুজু করে এস আই দেবব্রত দত্ত তদন্ত শেষে আদালতে চার্জশিট পেশ করেন। মামলায় মোট সাক্ষী ছিল বারোজন। আজ কমলপুর অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সুনীল কুমার সিং অভিযুক্ত ঝুমা মারার কে আইপি সি 'র ৩০২ ধারা অনুসারে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুইমাসের কারাদন্ড 'র আদেশ দেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এডিশনাল পি পি ইন্দুভূষণ দেব।