img


খোয়াই জেলা ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে সম্পন্ন হলো নতুন জেলা সভাপতির দায়িত্বভার অর্পণ অনুষ্ঠান।


আইনেট  প্রতিনিধিঃ     রাজ্যে সাংগঠনিক রদবদলের আবহেই খোয়াই জেলা ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে সম্পন্ন হলো নতুন জেলা সভাপতির দায়িত্বভার অর্পণ অনুষ্ঠান। আজ দুপুর ১২টা নাগাদ এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে নবনিযুক্ত জেলা সভাপতি সমীর দাসের হাতে এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব তুলে দেওয়া হয়। বিদায়ী জেলা সভাপতি বিনয় দেববর্মা নতুন সভাপতিকে সংবর্ধনা দিয়ে খোয়াই জেলায় পদ্ম শিবিরকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপি প্রদেশ কমিটির সদস্য নমিতা দেববর্মা, কিষাণ মোর্চার প্রদেশ সহ-সভাপতি জয় দেব দেববর্মা এবং খোয়াই জেলার অন্তর্গত ছয়টি মণ্ডলের সভাপতি সহ বিভিন্ন স্তরের পদাধিকারী ও কার্যকর্তারা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরী ভারতীয় জনতা পার্টির অনন্য কার্যপদ্ধতির প্রশংসা করে বলেন, ভারতবর্ষের মধ্যে বিজেপিই একমাত্র সুশৃঙ্খল ও গণতান্ত্রিক দল। দলের নিয়ম এবং ঐতিহ্য অনুযায়ী সময়ের সাথে সাথে নেতৃত্বের পরিবর্তন হয় এবং এক জনের পর অন্য জন এসে দায়িত্বভার গ্রহণ করেন। কর্মীদের মনোবল চাঙ্গা করতে তিনি আরও যোগ করেন,বিজেপি এমন একটি দল যেখানে একজন বুথ স্তরের সাধারণ সভাপতিও আগামী দিনে নিজের যোগ্যতা ও দলের নির্দেশে বিধায়ক বা মন্ত্রী হওয়ার সুযোগ পেতে পারেন

আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে বিধায়ক স্পষ্ট বার্তা দেন যে, খোয়াই জেলা সহ গোটা রাজ্যকে পুরোপুরিভাবে বাম মুক্ত করাই এখন দলের মূল লক্ষ্য।