
আইনেট প্রতিনিধিঃ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল ১২ বছর পূর্তি উপলক্ষে ৩৯ নম্বর পুর ওয়ার্ডের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় এবং মণ্ডল সভাপতি শ্যামল দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন। পরে শিবির পরিদর্শন শেষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল ১২ বছরের শাসনকাল উপলক্ষে সারা দেশে বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। তিনি জানান, ৩৯ নম্বর পুর ওয়ার্ডের উদ্যোগে এটি পঞ্চম রক্তদান শিবির।
মুখ্যমন্ত্রী বলেন, “রক্তদান একটি মহৎ দান। এই দানের মাধ্যমে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব। তাই সমাজের সব স্তরের মানুষকে এই মহৎ কাজে এগিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তিনবার সরকার গঠন করে দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছেন।
ড. সাহা বলেন, রক্ত কোনো বাজারে পাওয়া যায় না; এটি মানুষের শরীরেই উৎপন্ন হয়। তাই প্রয়োজনের সময়ে রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছায় রক্তদানের বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, রাজ্যের মানুষের মধ্যে মানবিকতার যে চেতনা রয়েছে, তা রক্তদানের মতো কর্মসূচির মাধ্যমে আরও সুদৃঢ় হচ্ছে। যারা এখনও রক্তদানে অনীহা প্রকাশ করেন, তাদেরও এগিয়ে এসে এই মানবিক উদ্যোগে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।
পরিশেষে মুখ্যম্নত্রি সহ অন্যান সন্মানীয় অতিথিরা বৃক্ষরোপন করেন।