
আইনেট প্রতিনিধিঃ আগরতলার রঞ্জিত নগর কাটাখালের পাশে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম শুভজিৎ পাল। তাঁর পিতার নাম বিশ্বজিৎ পাল। বাড়ি চান্দিনামোড় এলাকায়। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার ভোর প্রায় ৫টায় শুভজিৎ বাড়ি থেকে বের হন। এরপর সারাদিন তিনি বাড়িতে ফেরেননি। রবিবার সকালে রঞ্জিত নগর কাটাখালের পাশ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম থানার পুলিশ। পাশাপাশি তদন্তে সহায়তার জন্য ফরেনসিক টিমও ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন নমুনা সংগ্রহ করে।
এদিকে, মৃতের ভাই অভিযোগ করে জানান, শুভজিৎকে অন্য কোথাও হত্যা করে পরে তাঁর দেহ ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে। তিনি এ ঘটনায় শুভজিতের কয়েকজন বন্ধুর ওপর সন্দেহ প্রকাশ করেছেন।
পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। .