
আইনেট প্রতিনিধিঃ পথ দুর্ঘটনায় গুরুতর জখম ৩বছরের শিশু। ফটিকরায় থানাধীন গকুলনগর এলাকায় একটি ম্যাক্সিমো গাড়ীর ধাক্কায় গুরুতর জখম হয়েছে ৩ বছরের শিশুটি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত ফটিকরায়-গকুলনগর সড়কে দ্রুতগতির TR-01-B-3974 নম্বরের একটি ম্যাক্সিমো গাড়ির ধাক্কায় সোমবার ঘটেছে এই হৃদয়বিদারক পথ দুর্ঘটনাটি।আহত শিশুর নাম রাজদ্বীপ শব্দকর। সে গকুলনগর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রানু শব্দকরের পুত্র।এবিষয়ে শিশুর পরিবারের এক সদস্যা আশা শব্দকর জানান, তার দাদু-ঠাম্মার সঙ্গে ফটিকরায়-গকুলনগর সড়ক ধরে যাচ্ছিলো শিশুটি। তখনই তাদের হাত ছেড়ে রাস্তা পারাপারের সময় কমলপুর থেকে আসা ম্যাক্সিমো গাড়িটি ধাক্কা দেয় শিশুটিকে। দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও গাড়ির পিছু ধাওয়া করে গ্রামের মানুষ আটক করে গাড়িটিকে। এদিকে সংঘর্ষের তীব্রতায় রক্তাক্ত অবস্থায় শিশুটি রাস্তায় ছিটকে পড়ে আঘাত লাগে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে। দুর্ঘটনার বিকট শব্দে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের লোকজন। তারা আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় ফটিকরায় প্রাথমিক হাসপাতালে। এবিষয়ে ফটিকরায় হাসপাতালের চিকিৎসক মৃন্ময় চাকমা বলেন, দুর্ঘটনাগ্রস্থ শিশুটিকে নিয়ে আসা হয় হাসপাতালে জরুরি বিভাগে। দুর্ঘটনায় শিশুটির শরীরের বিভিন্ন অংশ আঘাত লেগেছে এবং ভেঙে গেছে কয়েকটি দাঁত। তিনি বলেন শিশুটিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঊনকোটি জেলা হাসপাতালে। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান চিকিৎসক।