
আইনেট প্রতিনিধিঃ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। দপ্তরের কর্মীদের অনিয়মিত উপস্থিতি, অফিস চলাকালীন সময়ে নেশাজাতীয় দ্রব্য সেবনের অভিযোগ এবং প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগে গিয়ে দেখা গেল এক অভিনব চিত্র। অভিযোগ, দপ্তরের বেশ কয়েকজন কর্মচারী নিয়মিতভাবে অফিসে উপস্থিত থাকেন না। নির্ধারিত সময়ে বহু কর্মীর দেখা মেলে না, ফলে ব্যাহত হচ্ছে দপ্তরের স্বাভাবিক কাজকর্ম।আরও গুরুতর অভিযোগ, অফিস কক্ষের মধ্যেই কিছু কর্মচারী নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করছেন। সরকারি দপ্তরের শৃঙ্খলা ও কর্মপরিবেশকে উপেক্ষা করে যেন পুরো অফিসটি একটি ক্লাবঘরে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। তাদের দাবি, সরকারি দপ্তরে এমন অনিয়ম চলতে থাকলে পরিষেবা প্রাপ্তিতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হবে। সরকারি দপ্তরে কর্মচারীদের উপস্থিতি ও শৃঙ্খলা বজায় রাখা প্রশাসনের অন্যতম দায়িত্ব। কিন্তু পানিসাগরের এই দপ্তরকে ঘিরে ওঠা অভিযোগের পরেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এই দফতরের কর্মচারীগণ রাজনৈতিক নেতৃত্ব বর্গদেরও বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মন মাফিক তাদের কাজকর্ম অব্যাহত রাখছেন বলে খবর। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অভিযোগগুলির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কিনা।