
আইনেট প্রতিনিধিঃ অম্বুবাচী নিয়ে মানুষের আবেগ চিরন্তন | ২০২৬ সালের অম্বুবাচী তিথি শুরু হয়েছে ২২ জুন, ৭ আষাঢ় সোমবার এবং শেষ হবে ২৬ জুন, ১১ আষাঢ় শুক্রবার। তিথিগতভাবে অম্বুবাচী আষাঢ় মাসের শুক্লপক্ষের সপ্তমী থেকে দশমী পর্যন্ত পালিত হয়। ভারতের বিভিন্ন প্রান্তে এই উৎসব অম্বুবাচী, অমাবতী কিংবা রজঃউৎসব নামেও পরিচিত। অম্বুবাচী উপলক্ষে সোমবার আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়িতে মহিলাদের মধ্যে বিশেষ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এদিন তারা একে অপরকে সিঁদুর পরিয়ে স্বামীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। বিশ্বাস করা হয়, এই সময়ে পরানো সিঁদুর অক্ষয় থাকে এবং
দাম্পত্য জীবনে সুখ-সমৃদ্ধি বয়ে আনে।হিন্দু শাস্ত্র ও পুরাণ মতে, পৃথিবীকে ‘ধরিত্রী মাতা’ হিসেবে গণ্য করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে ধরিত্রী ঋতুমতী হন এবং সেই ঘটনাকেই কেন্দ্র করে অম্বুবাচী পালিত হয়। যেমন একজন ঋতুমতী নারী মাতৃত্বের জন্য প্রস্তুত হন, তেমনই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য-শ্যামলায় ভরে ওঠে বলে মনে করা হয়। এদিন লক্ষীনারায়ণ বাড়ি মন্দিরে আগত এক মহিলা জানান ,স্বামী ,সংসার এবং সমাজের মঙ্গল কামনায় প্রতিবছরের মত এবারও তিনি লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে এসেছেন ।উপস্থিত সবার সাথে তিনিও সিঁদুর খেলায় মেতে উঠেছেন ।এই অনুষ্ঠানের জন্য এক বছর অপেক্ষায় থাকেন তিনি।