img


মহকুমা শাসক নির্মল কুমারের উদ্যোগে খোয়াইয়ে আধুনিক অঙ্গনওয়াড়ি,উত্তর-পূর্বে প্রথম AI-ভিত্তিক শিক্ষার সূচনা


আইনেট  প্রতিনিধিঃ     শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষাকে আরও আকর্ষণীয়, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে খোয়াই মহকুমা প্রশাসন। মহকুমা শাসক নির্মল কুমারের পরিকল্পনা ও আগ্রহে উত্তর-পূর্ব ভারতের মধ্যে প্রথমবারের মতো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিনির্ভর শিক্ষার ব্যবস্থা চালু করা হয়েছে।   প্রাথমিক পর্যায়ে খোয়াই পুর পরিষদ এলাকার দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই AI-ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। এর মধ্যে আনন্দনীর অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে আধুনিক অবকাঠামো, উন্নত শিক্ষাসামগ্রী এবং AI প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ নতুন রূপে গড়ে তোলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই কেন্দ্র পরিদর্শন করেন মহকুমা শাসক নির্মল কুমার এবং বিভিন্ন ব্যবস্থাপনা খতিয়ে দেখেন।মহকুমা শাসক নির্মল কুমারের লক্ষ্য, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে শুধু পুষ্টি ও প্রাথমিক শিক্ষার কেন্দ্র হিসেবে সীমাবদ্ধ না রেখে শিশুদের জন্য আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচিতির একটি অনন্য প্ল্যাটফর্মে পরিণত করা। তাঁর বিশ্বাস, AI-ভিত্তিক শিক্ষা শিশুদের কৌতূহল বাড়াবে, শেখার প্রতি আগ্রহ সৃষ্টি করবে এবং ছোটবেলা থেকেই তাদের বিশ্বকে নতুন দৃষ্টিভঙ্গিতে জানার সুযোগ করে দেবে।
জানা গেছে, এই প্রকল্প বাস্তবায়নে দুটি কেন্দ্রে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। AI-ভিত্তিক পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রাথমিক প্রশিক্ষণও দেওয়া হয়েছে।   উল্লেখ্য, দেশের মধ্যে প্রথম AI-ভিত্তিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু হয় নাগপুরে। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ে এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে খোয়াই নতুন দৃষ্টান্ত স্থাপন করল।