
আইনেট প্রতিনিধিঃ মানুষের জীবনে স্বনির্ভরতার চেয়ে বড় শক্তি আর কিছু নেই। সেই স্বনির্ভরতার পথকে আরও সহজ ও সুগম করে তুলতে আজ কমলপুরের নজরুল ভবনে এক মানবিক ও হৃদয়স্পর্শী উদ্যোগের সাক্ষী থাকল ধলাই জেলা।
আর্টিফিশিয়াল লিম্বস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া (ALIMCO)-এর উদ্যোগে এবং ধলাই জেলা প্রশাসন ও DDRC ধলাই এর সহযোগিতায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে জেলার ২৪১ জন দিব্যাঙ্গ ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় চলাফেরার বিভিন্ন সহায়ক সামগ্রী।
বিতরণ করা হয় ইলেকট্রিক ট্রাইসাইকেল, হুইলচেয়ার, ক্রাচ, ওয়াকারসহ একাধিক প্রয়োজনীয় উপকরণ, যা শুধু সামগ্রী নয়—অনেকের কাছে এগুলো নতুন করে বাঁচার সাহস, স্বাধীনভাবে চলার শক্তি এবং আগামী দিনের স্বপ্ন পূরণের হাতিয়ার।
এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস-চেয়ারম্যান সুব্রত মজুমদার, ALIMCO-এর নর্থ-ইস্ট ম্যানেজার প্রকাশ সিং, দিব্যাঙ্গ প্রতিনিধি **হীরেন্দ্র নমশূদ্র সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, সমাজের প্রতিটি মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।