
আইনেট প্রতিনিধিঃ রামনগর ৪ নম্বর রোডের রহস্যাবৃত এপার্টমেন্ট পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে এই এপার্টমেন্টের একটি ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে ।বিস্ফোরণে গুরুতর আহত হন শুভজিৎ চৌধুরী নামে এক যুবক। অ্যাবাকাস প্রতিষ্ঠানের অংক শিক্ষক ছিলেন তিনি। অ্যাবাকাস কোচিং সেন্টারেই ঘটে বিস্ফোরণ। শুক্রবার সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন শুভজিৎ চৌধুরী ।এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক এবং শোকের ছায়া। আর এই আবহেই শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট এপার্টমেন্টের অন্যান্য ফ্ল্যাটের মানুষজনদের কাছ থেকে ঘটনার বৃত্তান্ত শোনেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ভয়ানক ঘটনার প্রাথমিক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান ,সংশ্লিষ্ট অ্যাপার্টমেন্টটিতে পাইপ লাইনে গ্যাস সরবরাহের কাজ চলছিল ।অন্যান্য ফ্ল্যাটে গ্যাস সরবরাহ বন্ধ থাকলেও এই ফ্লেটের ক্ষেত্রে তা ছিল না ।শুভজিৎ চৌধুরী যখন ধূপকাঠি জ্বালাতে যায় তখনই এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে এমনটাই জানতে পেরেছেন বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান ,প্রাথমিকভাবে মনে হচ্ছে ,এই ভয়ানক ঘটনার পেছনে টিএনজিসিএল কর্তৃপক্ষের গাফিলতি দায়ী।যদিও বিষয়টি তদন্ত সাপেক্ষ ।পরে রিপোর্ট এলে সবকিছু বোঝা যাবে। তিনি আরো জানান ,অচিরেই ফ্ল্যাট গুলি সুরক্ষার ক্ষেত্রে অ্যাডভাইজারি বা অনুরূপ একটি কমিটি গঠন করা হবে।