img


উচ্ছেদ অভিযান শুরু করল আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ


আইনেট  প্রতিনিধিঃ      শহরের রাজপথ থেকে যানজট মুক্ত করতে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাওয়া হকারদের বিরুদ্ধে অভিযান চালায় আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ ।চলতি মাসের ৪ মার্চ মধ্যরাতে রাজধানীর বটতলা থেকে শুরু হয় এই অভিযান ।    দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলে এই অভিযান। আগরতলা পৌরনিগমের অভিযানের ফলে রাজধানীর ফুটপাতগুলি অনেকটাই দখল মুক্ত হয়। পথচারীদের চলাফেরায় স্বস্তি আসে। কিন্তু নিয়মিত পর্যবেক্ষণ না থাকায় বিভিন্ন স্থানে কিছু হকার পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা শুরু করে ।এতে পথচারীদের চলাচলে ছন্দপতন ঘটে। বিষয়টি লক্ষ্য করে শুক্রবার থেকে পুনরায় শহরের বুকে উচ্ছেদ অভিযান শুরু করেছে আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ ।এদিন রাজধানীর লেক চৌমুহনী বাজার থেকে শুরু হয় এই উচ্ছেদ অভিযান ।লেক চৌমুহনী বাজারের ফুটপাতের উপর গজিয়ে ওঠা বেশ কিছু দোকানপাট এই অভিযানে ভেঙ্গে ফেলা হয়। এরপর পৌরনিগমের টাস্ক ফোর্স ভগবান ঠাকুর চৌমুহনী এলাকায় ফুটপাতে গজিয়ে ওঠা মাংসের দোকানগুলিতে হানা দেয়।এর পর কামান চৌমুহনী থেকে শুরু করে হরিগঙ্গা বসাক রোড ,পোস্ট অফিস চমুহনী হয়ে শকুন্তলা রোড পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায় নিগমের টাস্ক ফোর্স। অভিযান কালে বেশ কিছু দোকানপাট উচ্ছেদ করা হয়। এদিন এই উচ্ছেদ অভিযান কালে আগরতলা পৌর নিগমের টাস্ক ফোর্স এর এক আধিকারিক এই সংবাদ জানান ।তিনি জানান ,নিয়মিত এই অভিযান জারি থাকবে।