
আইনেট প্রতিনিধিঃ এরা সবাই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ।সবাই পেনশন পান। অর্থনৈতিকভাবে সচ্ছল মনে হলেও মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত তারা। কারণ সব থেকেও তাদের দেখভালের কেউ নেই,কথা শোনার কেউ নেই। কারোর সন্তানরা বাবা বা মায়ের জায়গা দখল করে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন ।আবার কারোর বা সন্তানরা প্রতিষ্ঠিত হয়ে ভিন রাজ্যে বা ভিন রাষ্ট্রে কর্মরত ।এই সমস্ত অসহায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর কুঞ্জবনে একটি আবাসিক বা হোম চালু করে ।এর নামকরণ করা হয় আশ্রয় । রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু অবসরপ্রাপ্ত অসহায় সরকারি কর্মচারীরা এই আশ্রয় থেকে বার্ধক্যের জীবন অতিবাহিত করছেন। শনিবার কুঞ্জবনের আশ্রয় পরিদর্শন করতে যান রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ।তিনি গোটা আশ্রয় ভবনটি নিজ চোখে ঘুরে দেখেন ।পরে কথা বলেন আশ্রয় আবাসনে থাকা আবাসিকদের সাথে। রাজ্যপাল কে কাছে পেয়ে অবসরপ্রাপ্ত অসহায় কর্মচারীরা তাদের দুঃখের কথা খুলে বলেন ।এদিন এই আবাসনে বসবাসকারী কলেজটিলা এলাকার এক অবসরপ্রাপ্ত শিক্ষক জানান, তার তিন সন্তান রয়েছে। সন্তানরা তার জায়গা জমি দখল করে রয়েছে ।তাকে প্রয়োজনমতো দেখভাল করছে না ।তাই তিনি অসহায় অবস্থায় আশ্রয় চলে এসেছেন। তিনি আরো জানান, তিনিই এই আশ্রয়ের প্রথম আবাসিক।