
আইনেট প্রতিনিধিঃ ক্রীড়া চর্চার মাধ্যমে যুব সমাজকে শৃঙ্খলাবোধ, আত্মরক্ষা ও সুস্থ জীবনযাপনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আজ মারাছড়া হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো জেলা স্তরের মৌথায় প্রতিযোগিতা ২০২৬-২৭। মৌথায় অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা-র উদ্যোগে এবং সুরমা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল-এর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫০ জন ছেলে ও মেয়ে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতার পরিচয় দেয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল প্রবল উদ্দীপনা ও আত্মবিশ্বাস। প্রতিটি বিভাগের খেলোয়াড়রা শৃঙ্খলাবদ্ধ ও চমৎকার নৈপুণ্যের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আজকের জেলা স্তরের প্রতিযোগিতার সেরা প্রতিযোগীদের মধ্য থেকেই রাজ্য স্তরের প্রতিযোগিতার জন্য খেলোয়াড় নির্বাচন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাচৌমুহনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোধি, মৌথায় অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার রাজ্য কমিটির অফিস সম্পাদক পিনাকী চক্রবর্তী, ধলাই জেলা পরিষদের সদস্য সন্তোষ দাস, সমাজসেবী সুভাষ আহির সহ বিশিষ্ট অতিথিবৃন্দ ও ক্রীড়া অনুরাগীরা।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, এটি একটি সুন্দর সমাজ গঠনের অন্যতম ভিত্তি। মৌথায়ের মতো আত্মরক্ষামূলক খেলাধুলার প্রসার ঘটলে যুব সমাজ শারীরিক ও মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে। ভবিষ্যতে এই ধরনের প্রতিযোগিতা থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
দিনভর প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই জেলা স্তরের মৌথায় প্রতিযোগিতা খেলোয়াড়, অভিভাবক এবং দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়। রাজ্য স্তরে সুযোগ পাওয়ার স্বপ্ন নিয়ে প্রতিযোগীরা নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেন, যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।