
আইনেট প্রতিনিধিঃ নিজের দুই নিষ্পাপ এবং নিরপরাধ সন্তানের হন্তারক মদ্যপ ও পাষন্ড বাবা লালছুয়া ব্রু -কে রবিবার আদালতে পাঠালো গন্ডাছড়া মহকুমা থানার পুলিশ। দুই শিশু সন্তানকে পাষণ্ড বাবা কর্তৃক হত্যার ঘটনাটি ঘটেছিলো শনিবার সকাল সাতটা নাগাদ উল্টাছড়া এডিসি ভিলেজের অন্তর্গত ব্রু সেটেলমেন্ট ক্যাম্প এলাকায়। ওইদিন সাতসকালে কানান্তাপাড়ার বাসিন্দা লালছুয়া ব্রু আকণ্ঠ মদ পান করে বাড়িতে আসে এবং স্ত্রীর সঙ্গে বচসায় লিপ্ত হয়। স্ত্রী ঘর থেকে বের হয়ে গেলে ঘরে থাকা চার বছরের ছেলে এবং বারো বছরের মেয়েকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে বাবা লালছুয়া ব্রু। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছায় গন্ডাছড়া মহকুমার থানার পুলিশ। পুলিশ দুই শিশুর মৃতদেহ গন্ডাছড়া হাসপাতালে পাঠায় এবং শিশু সন্তানের হত্যাকারী পাষন্ড বাবা লালছুয়া ব্রু -কে গ্রেপ্তার করে। শনিবার রাতে পুলিশের টানা জিজ্ঞাসাবাদে শিশু হত্যার সমস্ত ঘটনা স্বীকার করে খুনী লালছুয়া ব্রু। রবিবার কড়া নিরাপত্তার মধ্যে খুনী লালছুয়া ব্রু -কে গন্ডাছড়া মহকুমা আদালতে প্রেরণ করে গন্ডাছড়া মহকুমা থানার পুলিশ।