
আইনেট প্রতিনিধিঃ ইন্টেন্সিফাইড পালস পোলিও ইমিউনাইজেশন দিবস উপলক্ষে ২৮, ২৯ ও ৩০ জুন মধ্য প্রতাপগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তিন দিনব্যাপী বিশেষ টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে।
মধ্য প্রতাপগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন ৫৮টি কেন্দ্রে শিশুদের পোলিও ড্রপ ও নিয়মিত টিকাকরণ করা হবে। এছাড়াও, কোনো শিশু কেন্দ্রে উপস্থিত হতে না পারলে স্বাস্থ্যকর্মীরা বাড়ি গিয়েও তাদের পোলিও ড্রপ ও প্রয়োজনীয় টিকা প্রদান করবেন।
এই কর্মসূচি সম্পর্কে ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বলেন, রাজ্য সরকারের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তিনি জানান, এলাকার ২১ হাজার ৩৩২টি পরিবারের মধ্যে প্রায় ৮ হাজার ৫০০ জন শিশুকে এই কর্মসূচির আওতায় এনে পোলিও ড্রপ ও টিকাকরণ করা হবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমও অফিসের অধিকর্তা ডা. সুখেন্দ্র নাথ, আইএস (সদর) প্রজিত সরকার, এমআইওএস-এর ডা. ডিমান শর্মা এবং স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।