
আইনেট প্রতিনিধিঃ সদর মহকুমার অন্তর্গত উষাবাজার বৈশ্য পাড়া এলাকার রাজিব সরকারের ছোট ছেলে হঠাৎ গত চার মাস আগে অসুস্থ হয়ে পড়ে। শিশুটির পরিবারের লোকজন চিকিৎসকের পরামর্শ নিলে চিকিৎসকদের মতে শারীরিক সব ধরনের পরীক্ষা নিরীক্ষার পর সুস্থ রয়েছে বলে জানিয়ে দেন। এরপর কিছুদিন যেতে না যেতেই শিশুটি আবারো অসুস্থ হয়ে পড়ে। এরপর আবারো চিকিৎসকের সাহায্য নিলে সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়ে দেন শিশুটির লিভার নষ্ট হয়ে গেছে। পরের চিকিৎসকরা সঙ্গে সঙ্গেই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির কোন একটি হাসপাতালে রেফার করে দেয়। কিন্তু সেখানে চিকিৎসা করাতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন। এদিকে শিশুটির বাবা রাজিব সরকার একজন কাঠ মিস্ত্রি , তাই হঠাৎ করে অসুস্থ ছোট শিশু সন্তানের চিকিৎসার জন্য এত টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। এদিকে রাজিব সরকারের আড়াই বছরের এই ছোট পুত্র সন্তানের শারীরিক অবস্থা দিন দিন অবনতি হতে থাকে। এই অবস্থায় রবিবার বিভিন্ন সামাজিক মাধ্যমে শিশুটির এই অসুস্থতার খবর প্রচারিত হয়। সামাজিক মাধ্যমের খবর দেখে উষা বাজারের স্থানীয় ভারতরত্ন ক্লাবের প্রতিনিধিরা সোমবার দুপুরে রাজীব সরকারের বাড়িতে ছুটে যান এবং সেখানে গিয়ে তাদের সাধ্যমত আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং শিশুটির পাশে দাঁড়ান। এই অবস্থায় সোমবার দুপুরে সাংবাদিকরা অসুস্থ শিশুটির বাড়িতে গেলে এলাকাবাসীদের সহ ভারতরত্ন ক্লাবের প্রতিনিধিদের দেখা যায়। এদিন ভারতরত্ন ক্লাবের এক কার্যকর্তা এবং অসুস্থ শিশুটির বাবা রাজিব সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আড়াই বছরের এই ছোট্ট শিশুটির অসুস্থতার কাহিনী তুলে ধরতে গিয়ে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ গোটা দেশবাসীর কাছে শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আর্জি জানিয়েছেন। সোমবার শিশুটির শারীরিক অবস্থা আরো অবনতি হওয়ায় শিশুটিকে তড়িঘড়ি জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকলের দাবি গোটা দেশবাসী এবং মুখ্যমন্ত্রী যদি শিশুটির পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলেই হয়তো এই ছোট্ট শিশুটির প্রাণ বেঁচে যেতে পারে। তবে সোমবার দুপুর পর্যন্ত কোন সরকারি দপ্তরের প্রতিনিধি শিশুটির বাড়িতে আসেনি। এদিকে অসুস্থ শিশুটির মা তার সন্তানের এই অবস্থার জন্য সকলের কাছেই বারবার কান্নায় ভেঙ্গে পড়ছে দেখা গেছে।