
আইনেট প্রতিনিধিঃ সাইবার অপরাধ দমনে কেন্দ্রীয় সংস্থা I4C'র সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে S4C। মঙ্গলবার প্রজ্ঞা ভবনে রাজ্যের সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত রাজ্যভিত্তিক পরামর্শমূলক কর্মশালায় এই কথা জানান রাজ্য পুলিশের ডিজি অনুরাগ ধ্যানকর। রাজ্য তথ্যপ্রযুক্তি দপ্তর আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিংহা। এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে দেশ এবং রাজ্যের সাইবার অপরাধ মূলক ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন রাজ্য পুলিশের মহা নির্দেশক। তিনি জানান, ২০২৩ সালে এই দেশের নাগরিকরা সাইবার অপরাধে ৭ হাজার ৪০০ কোটি টাকা খুইয়েছেন। ২০২৪ সালে এর পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৮০০ কোটি টাকা। ২০২৫ সালে সাইবার সংক্রান্ত অপরাধে প্রতারনার অর্থরাশির মোট পরিমান ২২ হাজার ৫০০ কোটি টাকা । রাজ্যের সাইবার অপরাধমূলক ঘটনাবলীর ব্যাখ্যা দিয়ে ডিজিপি জানান ,গত চার বছরে ত্রিপুরায় বিভিন্ন নাগরিক সাইবার অপরাধে ৮৩ কোটি টাকা খুইয়েছেন ।এর মধ্যে ১ কোটি ২৩ লক্ষ টাকা উদ্ধার করে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্তদের মধ্যে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে জানান ডিজিপি। রাজ্যবাসীর প্রতি বার্তা দিয়ে তিনি বলেন ,সাইবার প্রতারণার শিকার হলে সাথে সাথে এনসিআরপি অর্থাৎ ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ জানাতে হবে। অথবা ১৯৩০-এই ফোন নাম্বারে ফোন করে জানাতে হবে। মহা নির্দেশক আরো জানান, সাইবার অপরাধ দমনে কেন্দ্রীয় সরকার I4C অর্থাৎ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো অর্ডিনেশন সেন্টার চালু করেছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্য সচিব জি কে সিনহা ।সাইবার অপরাধীদের হাত থেকে রক্ষা পেতে সফটওয়্যার, ওয়েবসাইট এবং অ্যাপসগুলিকে নিয়মিত সিকিউরিটি অডিটের মধ্যে রাখার জন্য পরামর্শ দেন মুখ্য সচিব।