
আইনেট প্রতিনিধিঃ উদ্বোধনের প্রহর গুনছে আগরতলা সিভিল হাসপাতাল ।আগরতলা পৌর নিগমের লালবাড়িতে ইতিমধ্যেই পরিষেবা প্রদানে প্রস্তুত এই হাসপাতাল। বর্তমানে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি এবং দ্বিতীয় রেফারেল হাসপাতাল আইজিএমএ রোগীর ভিড় প্রচুর ।এর উপর জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হয়ে যাওয়ায় জিবি হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়। পরিষেবা প্রদানে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা ।এই অবস্থায় কিছুদিনের মধ্যেই চালু হতে চলছে আগরতলা পৌরনিগম পরিচালিত আগরতলা সিভিল হাসপাতাল ।এদিন হাসপাতালের চূড়ান্ত প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে পরিদর্শনে যান রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা সাজু ওয়াহিদ সহ অন্যান্যরা । এদিন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার ইচ্ছা অনুসারে এই হাসপাতাল গড়ে তোলা হয়েছে ।প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে চলছে। কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার হাত ধরে এই হাসপাতালের পথ চলা শুরু হবে ।মেয়র আরো জানান, এই হাসপাতাল চালু হলে শহরবাসী এবং রাজ্যবাসী প্রাথমিক চিকিৎসা পরিষেবা এখান থেকেই পাবেন ।তাদের আর আইডিএম এবং জিবি হাসপাতালে ছুটে যেতে হবে না ।এতে করে আইজিএম এবং জিবি হাসপাতালে রোগীর চাপ কমবে বলে মনে করেন তিনি।