
আইনেট প্রতিনিধিঃ রাজধানীতে বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা ।ঘটনা পূর্ব থানাধীন আগরতলার লাল বাহাদুর ব্যায়ামাগার সংলগ্ন এলাকার একটি বাড়িতে। জানা গেছে লাল বাহাদুর ক্লাব এলাকায় এক বাড়িতে ভাড়া থাকেন রাজেশ ত্রিপুরা নামে এক ব্যক্তি ।তার বন্ধু ধনঞ্জয় ত্রিপুরা দুই লক্ষ টাকা নিয়ে পুরনো গাড়ি কেনার জন্য আগরতলায় এসে রাজেশ ত্রিপুরার বাড়িতে উঠেন। সেই সময় রাজেশ ত্রিপুরা বাড়িতে ছিলেন না । ধনঞ্জয় ত্রিপুরা রাজেশের ঘরে প্রবেশ করতেই ৩ থেকে ৪ জন লোক এসে তাকে জাপটে ধরে মারধর করে ।তার কাছ থেকে নগদ দুই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় তিরা।ঘটনাটি পূর্ব থানায় জানান ধনঞ্জয় ত্রিপুরা । অভিযোগ পেয়ে পূর্ব থানার ভারপ্রাপ্ত ওসি শংকর সাহা একটি এস আই টি গঠন করে তদন্ত শুরু করেন ।তদন্তে নেমে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ যুবককে আটক করে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ২ লক্ষ টাকার মধ্যে ১ লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ ।শুক্রবার সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘটনা জানান ।তদন্তের স্বার্থে ধৃত অভিযুক্তদের নাম প্রকাশ করতে চাননি তিনি। এস ডি পি ও জানান, ঘটনায় জড়িত আরো দুই অভিযুক্ত কে ধরতে অভিযান চালিয়েছে পুলিশ। লাল বাহাদুর ব্যয়ামাগার এলাকা থেকে এই ধরনের ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছিনতাই কাণ্ডে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।