
আইনেট প্রতিনিধিঃ সিএএ তথা নাগরিকত্ব সংশোধনী আইন প্রনয়নে প্রথম আওয়াজ তুলেছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ।সেই চিন্তাধারায় কাজ করে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।শনিবার আগরতলা টাউন হলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে যুব মোর্চা আয়োজিত ছাত্র সম্মেলনে এই কথা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী ।তিনি বলেন, অনেক মনীষীরাই দেশের জন্য জীবন বলিদান দিয়েছেন । কিন্তু আশ্চর্যের বিষয় হলো মুঘল সাম্রাজ্য নিয়ে জানানো হলেও আমাদের তাদের কথা জানতে দেওয়া হতো না। তাদেরই অন্যতম ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী। সেই সমস্ত গুরুজনদের কথা পড়তে এবং জানতে দেশের যুবশক্তির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মুখ্যমন্ত্রী আরও বলেন ,একটা সময়ে আমাদের মুঘল সাম্রাজ্যের কথা পড়ানো হতো কিন্তু পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী প্রসঙ্গে জানানো হতো না। মুখ্যমন্ত্রী বলেন ,জহরলাল নেহেরুর মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী। কিন্তু নেহেরু- লিয়াকত চুক্তির বিরোধিতা করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি ।তিনি আওয়াজ তুলেছিলেন, হিন্দুদের নিরাপত্তা দিতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রথম আওয়াজ তুলেছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র বর্তমানে সেই চিন্তাধারায় কাজ করছেন।