
আইনেট প্রতিনিধিঃ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার আগরতলা টাউনহলে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং আগরতলা পৌর নিগম ।এই অনুষ্ঠানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি স্থাপনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপুজোর আয়োজন করা হয় ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় ,আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা ।এদিন বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ভূমি পূজো ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির বিভিন্ন দিকগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন ,একটা সময়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী এবং পন্ডিত দীনদয়াল উপাধ্যায় কে নিয়ে বিশদ জানতে দেওয়া হতো না ।২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই মনীষীদের সম্পর্কে আমরা জানার সুযোগ পেয়েছি। মুখ্যমন্ত্রী আরও বলেন, জীবিত থাকাকালীন সময়েই ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির যে বীজ পুঁতে দিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তা কার্যক্ষেত্রে প্রচলন করছেন ।মুখ্যমন্ত্রী বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন গাঁথা নিছক একটি গল্প নয় ।দেশের সংগ্রামের ইতিহাস ।দেশের অখন্ডতা রক্ষায় তিনি কাজ করে গেছেন ।মুখ্যমন্ত্রী আরও বলেন ,একজন দক্ষ এবং দূরদর্শী রাষ্ট্র নায়ক ছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ।তার কর্মধারা প্রজন্মের পর প্রজন্ম পর্যন্ত ধরে রাখা একান্ত প্রয়োজন।