
আইনেট প্রতিনিধিঃ উত্তর ত্রিপুরা জেলার চারুপাশা রেললাইন থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত যুবকের নাম মনতোষ দাস (২৪)। তিনি দেওচড়া মৌচাক ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। আজ মঙ্গলবার সকাল আনুমানিক ১১টা নাগাদ রেললাইনের ওপর তাঁর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর রহস্য—তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
আজ সকাল এগারোটা নাগাদ চারুপাশা রেললাইনে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা কাছে গিয়ে দেওচড়া মৌচাকের বাসিন্দা মনতোষ দাস হিসেবে দেহটি সনাক্ত করেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় রেল পুলিশ ও স্থানীয় প্রশাসনকে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে আরপিএফ (RPF)-এর আধিকারিকরা। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে অনেকের অনুমান, ট্রেনের ধাক্কায় এই মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কিন্তু কাটেনি। স্থানীয় সূত্র ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিন মনতোষ যখনই বাড়ি থেকে বের হতেন, নিজের বাইক সাথে নিয়ে বের হতেন। কিন্তু আজ সম্পূর্ণ ব্যতিক্রমীভাবে তিনি বাইক ছাড়াই বাড়ি থেকে বের হয়েছিলেন, যা পরিবারের সদস্যদের মনে তীব্র সন্দেহের দানা বাঁধছে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এটি কি শুধুই একটি রেল দুর্ঘটনা, নাকি মানসিক অবসাদ থেকে আত্মহত্যা? নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড?