
আইনেট প্রতিনিধিঃ দুরারোগ্য ব্যাধি স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA)-তে আক্রান্ত ২২ মাসের শিশু মানশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য এগিয়ে এল সামাজিক সংগঠন ‘সৎ ভাবনা’।
বুধবার সংগঠনের পক্ষ থেকে মানশ্রীর পরিবারের হাতে ৮৬ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সংগঠনের সদস্যরা জানান, শিশুটি একটি জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত। তার উন্নত চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। সেই লক্ষ্যেই মানবিক উদ্যোগ হিসেবে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এদিন ‘সৎ ভাবনা’-র পক্ষ থেকে রাজ্যের সকল শুভবুদ্ধিসম্পন্ন ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে মানশ্রীর চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
সংগঠনের সদস্যদের বক্তব্য, মানুষের সম্মিলিত সহযোগিতা ও মানবিক উদ্যোগই মানশ্রীর চিকিৎসার পথকে সহজ করে তুলতে পারে। তাই শিশুটির সুস্থতার স্বার্থে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।